বাংলাদেশে শিশু সুরক্ষা জোরদারে ঢাবিতে চালু হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে UNICEF-এর আর্থিক ও কারিগরি সহায়তায় University of Dhaka-এর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন চাইল্ড প্রোটেকশন’ শীর্ষক একটি একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে। রোববার (২৪ মে) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্যে পৌঁছায় দুই পক্ষ। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা এবং ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান মিস ন্যাটালি ম্যাককুলি। এছাড়া ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকও বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: রামিসা ধর্ষণের আসামির দ্রুত শাস্তির দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মানববন্ধন

বৈঠকে শিশু সুরক্ষা খাতে কর্মরত সমাজকর্মী, মনোসামাজিক পরামর্শক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে যৌথ একাডেমিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশু, নারী ও পরিবারকে আরও কার্যকর সহায়তা দিতে সরকারি ও বেসরকারি খাতের পেশাজীবীদের প্রশিক্ষিত করা জরুরি।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিশু সুরক্ষা বিষয়ক এই ডিপ্লোমা প্রোগ্রাম জাতীয় ও কমিউনিটি পর্যায়ে সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি ইউনিসেফকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: সাংহাই ইনস্টিটিউট-ঢাবি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব ডাকসুর

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন এই একাডেমিক প্রোগ্রাম দেশের শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সহায়ক হবে।