আইজিপিসহ ৪ কর্মকর্তার সফর অনুমোদন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট (Factory Acceptance Test-FAT)-এ অংশগ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ চার কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে ১৬ এপ্রিল জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সফরটি আগামী ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে নিকটবর্তী সুবিধাজনক সময়েও সফর সম্পন্ন করা যাবে। তবে এ সময়সীমার মধ্যে ভ্রমণ ও ট্রানজিট সময় অন্তর্ভুক্ত থাকবে না।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. আলী হোসেন ফকির, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ সদর দপ্তর, ঢাকা। মো. আশিক সাঈদ, ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট), পুলিশ সদর দপ্তর, ঢাকা। মোহাম্মদ আশরাফুজ্জামান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট), পুলিশ সদর দপ্তর, ঢাকা। তৌসীফ আহমেদ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি আদেশে বলা হয়েছে, সফরসংক্রান্ত সব ব্যয় আয়োজক কর্তৃপক্ষ বহন করবে এবং এ ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। সফরের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিট সময়সহ, দাপ্তরিক কর্তব্য হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

এছাড়া অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করা যাবে না। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সফর-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে এ সরকারি আদেশ জারি করেন।