সমালোচনার কড়া জবাব দিলেন রুমিন ফারহানা
পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম ও সামাজিক অনাচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে ধর্মকে অন্যায়-অনৈতিক কাজের ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’।
আরও পড়ুন: সিনেমা বিশ্লেষণ থেকে চিত্রনাট্য, ফিচার ফিল্মে অভিষেক রাকিবের
এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে তিনি সমাজে প্রচলিত অপরাধ ও অনিয়মের সঙ্গে ধর্মীয় পরিচয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
একই পোস্টে তাঁকে নিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে দুর্গাপ্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
আরও পড়ুন: আবারও ভয়ংকর সিন্ডিকেটের খপ্পরে বাংলাদেশ: নাহিদ ইসলাম
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে যান রুমিন ফারহানা। সেখানে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ধর্মীয় সহনশীলতা, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সমাজের অপরাধ-অনিয়ম নিয়ে বক্তব্য তুলে ধরেন এই সংসদ সদস্য।





