কক্সবাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট এনগেজমেন্ট মিটিং অনুষ্ঠিত
কক্সবাজার জেলায় ‘এজেন্ট এনগেজমেন্ট মিটিং’-এর সফল আয়োজন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। দেশে প্রথমবারের মতো আয়োজিত এ উদ্যোগে কক্সবাজার ও লোহাগাড়া অঞ্চলের এজেন্টরা অংশগ্রহণ করেন।
গত ৫ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনটি এজেন্ট ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান, রিজিওনাল কোঅর্ডিনেটর ফয়সাল ইসলাম, টিম লিড সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজনে এজেন্টদের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়। একই সঙ্গে এসব সমস্যার কার্যকর সমাধান এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়, যা ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবার মানোন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ফ্যাসিস্ট দুর্নীতিবাজ চক্র মরিয়া
আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল— মাদার অ্যাকাউন্টের নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখা, অবৈধ লেনদেন পরিহার, ব্যবসায়িক লক্ষ্য অর্জনে পরিকল্পিত উদ্যোগ, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে প্রবৃদ্ধি বৃদ্ধি, গ্রাহকের যথাযথ কেওয়াইসি নিশ্চিতকরণ, রিস্ক-ফ্রি অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল লেনদেন মনিটরিং, নতুন গ্রাহক অনবোর্ডিং, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করা এবং কমপ্লায়েন্স ও রেগুলেটরি নির্দেশনা অনুসরণ।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ।





