রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, কয়েকদিনজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। রোববার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে তা ভারী বর্ষণে রূপ নেয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল পৌনে ৮টা পর্যন্ত ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মস্থলমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
আরও পড়ুন: শাহ আলী মাজারে হামলা: জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার
এর আগে আবহাওয়া অফিস কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।
এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৩৪ লাখ জাল টাকাসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সেই সঙ্গে বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।





