টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি
রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, যানজট ও উপড়ে পড়া গাছ অপসারণে ভোর থেকেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন কার্যক্রমের পাশাপাশি সড়ক সচল রাখতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। একই সঙ্গে দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় জলাবদ্ধতা দ্রুত নিরসনে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ডিএসসিসি। পাশাপাশি বিভিন্ন সড়কের ড্রেন ও পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে ভোর থেকেই কাজ করছেন ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্যরা।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ডিএসসিসি জানায়, প্রশাসক সকাল থেকেই দক্ষিণ সিটির বিভিন্ন প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনে নিয়োজিত ইমারজেন্সি রেসপন্স টিমের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, “টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় নাগরিকদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
এদিকে, চলমান বৃষ্টির মধ্যে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে তৈরি গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কাছাকাছি চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।





