বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ, ভোগান্তির শঙ্কা

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। এতে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ত্রুটি শনাক্ত করে সেবা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে হঠাৎ বাড়ল সোনার দাম

কী এই আরটিজিএস?

আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (Real Time Gross Settlement)। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের টাকা পাঠানো যায়।

আরও পড়ুন: তিন দফা বাড়ার পর কমল সোনার দাম

সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে আরটিজিএস ব্যবহার করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়।

কী এই সিবিএস?

সিবিএস বা কোর ব্যাংকিং সিস্টেম (Core Banking System) হলো ব্যাংকের কেন্দ্রীয় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সফটওয়্যার। এর মাধ্যমে গ্রাহকের হিসাব পরিচালনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ ব্যবস্থাপনা, সুদের হিসাবসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

এই প্রযুক্তির মাধ্যমে একটি ব্যাংকের বিভিন্ন শাখাকে একই নেটওয়ার্কের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।

সিবিএস ও আরটিজিএসের মধ্যে পার্থক্য কী?

সিবিএস মূলত ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রযুক্তিগত ব্যবস্থা। অন্যদিকে, আরটিজিএসের কাজ হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি করা।

তাই বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত বিভিন্ন কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, সব ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ হয়ে গেছে। আপাতত আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে আন্তব্যাংক অর্থ স্থানান্তরই সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।