আবারও কমল সোনার দাম, ভরি কত?
দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন: আবারো কমল স্বর্ণের দাম
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।
আরও পড়ুন: আমদানি ব্যয় দ্বিগুণ বাড়ায় নতুন চাপে অর্থনীতি
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।





