নির্বাচনে উপদেষ্টা পদে থাকা কেউ প্রার্থী হতে পারবেন না: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো উপদেষ্টা পদে থাকা বা সরকারের অন্য কোনো পদে থাকা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি ভোটের প্রচারণায়ও অংশগ্রহণ করতে পারবেন না।
তিনি বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র ইতিমধ্যেই জারি করা হয়েছে। তফসিল ঘোষণার পরপর এগুলো ধারাবাহিকভাবে কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন এবং আইন শৃঙ্খলার সেল গঠন।”
আরও পড়ুন: কিশোরগঞ্জের ৬টি আসনে ১৩ ফেব্রুয়ারি ভোট গণনা নিয়ে ডিসির রহস্যজনক বিজ্ঞপ্তি
তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার না করলে প্রার্থী হওয়া সম্ভব নয়। তাই সরকারের কোনো পদে থাকা ব্যক্তি প্রার্থী হতে পারবেন না।”
অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পরই সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।
আরও পড়ুন: প্রবাসী পোস্টাল ভোটে উদ্বেগ: ২ লাখ ৭৩ হাজারের বেশি প্রবাসী এখনো ভোট দেননি
তিনি আরও বলেন, “তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত হবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। এতে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।”





