বন্যাদুর্গত, বৃদ্ধ-শিশু ও প্রাণীদের জন্য যে বার্তা দিলেন জয়া আহসান
দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পানি নেমে যাওয়ার পর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে নিজের অনুভূতি প্রকাশ করে জয়া আহসান লেখেন, “গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারি হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে।”
আরও পড়ুন: ৩২ হাজার প্রতিযোগীকে হারিয়ে ডিজনির ‘মোয়ানা, কে এই নতুন তারকা?
তিনি বলেন, বন্যার পানি সরে গেলেও সংকট শেষ হয়ে যায় না। বরং তখন পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই সবাইকে এখন থেকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জয়ার ভাষায়, মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর। পানি কমলেই ধেয়ে আসবে নানা রকম পানিবাহিত রোগব্যাধি। তাই দয়া করে এখন থেকেই সবাই সর্বোচ্চ সতর্ক হোন।”
আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক
তিনি নিরাপদ পানি, শুকনো খাবার নিশ্চিত করার পাশাপাশি বৃদ্ধ, গর্ভবতী নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও নজর রাখতে আহ্বান জানান এই অভিনেত্রী।
প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত জয়া আহসান দুর্যোগের সময় গৃহপালিত ও আশপাশের প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, “আপনার সাধ্যমতো ওদের একটু নিরাপদ শুকনো জায়গা দিন, একটুখানি খাবার দিন। ওরাও তো আমাদের এই প্রকৃতিরই অংশ, আমাদের পরিবারের মতোই।”
বার্তার শেষে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে জয়া আহসান বলেন, “দুর্যোগ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব আর সহমর্মিতা যেন হেরে না যায়। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, একে অপরের হাতটা শক্ত করে ধরি, এই কঠিন সময় ঠিকই কেটে যাবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। প্রার্থনা আর ভালোবাসা সবার জন্য।”





