আরও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে এক আন্দোলনকারীর ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন কারাগার থেকে মমতাজ ও রমজানকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন আসামিরা। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে তার অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

চিকিৎসকদের বরাত দিয়ে মামলার বিবরণে বলা হয়েছে, শাকিলের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।