গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চার শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে একজনের হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,২৩৬
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৯৭২ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে।
এ সময়ে পরীক্ষার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।





