বিয়েতে অনীহা কেন বাড়ছে পুরুষদের?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে পরিবার গঠনের অন্যতম মাধ্যম এটি। তবে সমসাময়িক সমাজে বিয়ে নিয়ে তরুণদের মধ্যে, বিশেষ করে পুরুষদের একাংশের অনীহা আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন। এর পেছনে কাজ করে আর্থিক নিরাপত্তাহীনতা, ব্যক্তিস্বাধীনতা হারানোর আশঙ্কা, পারিবারিক দায়িত্ব এবং সম্পর্কের নানা জটিলতা নিয়ে উদ্বেগ।
বিয়েতে অনীহার পেছনে যেসব কারণ
আরও পড়ুন: ফ্যাটি লিভার থেকে বাঁচতে খাদ্যতালিকায় রাখুন ৫ খাবার, সুস্থ থাকবে যকৃৎ
১. দ্বৈত দায়িত্ব সামলানোর দুশ্চিন্তা
অনেক পুরুষের মনে প্রশ্ন থাকে, বিয়ের পর একদিকে বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন এবং অন্যদিকে জীবনসঙ্গীর পাশে দাঁড়ানো—দুই ভূমিকার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন কি না। এ ধরনের উদ্বেগ কমাতে বিয়ের আগে সঙ্গীর সঙ্গে প্রত্যাশা, দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা জরুরি।
আরও পড়ুন: আজ নিজের সঙ্গে আড্ডার দিন
২. অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তা
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টি বড় ভূমিকা রাখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন সংকট, বেকারত্ব এবং আয়ের অনিশ্চয়তা অনেক পুরুষের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করে। সংসার পরিচালনা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে গিয়ে আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় অনেকে বিয়ে পিছিয়ে দেন। সঙ্গীর সঙ্গে আয়-ব্যয়, বাজেট ও আর্থিক দায়িত্ব নিয়ে স্বচ্ছ আলোচনা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
৩. ব্যক্তিস্বাধীনতা হারানোর ভয়
অনেকের ধারণা, বিয়ের পর নিজের মতো করে সময় কাটানোর সুযোগ কমে যাবে। ব্যক্তিগত শখ, জিমে সময় দেওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা—এসব অভ্যাসে পরিবর্তন আসতে পারে বলে তাঁরা আশঙ্কা করেন। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত পরিসর ও পারস্পরিক স্বাধীনতার গুরুত্ব রয়েছে। শুরুতেই এ বিষয়ে বোঝাপড়া তৈরি হলে উদ্বেগ কমতে পারে।
৪. মতের অমিল ও সম্পর্কের জটিলতা
দুটি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনা, পছন্দ ও অভ্যাস এক হবে না—এটাই স্বাভাবিক। বিয়ের পর মতের অমিল থেকে বিরোধ তৈরি হতে পারে, এমন আশঙ্কাও অনেককে সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করে। তবে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য সামলানো সম্ভব।
৫. জীবনসঙ্গী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখার চাপ
বিয়ের পর পারিবারিক কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে জীবনসঙ্গী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে—এমন আশঙ্কা অনেক পুরুষের থাকে। উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনা, সম্মান বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী নিরপেক্ষভাবে সমস্যা সমাধানের চেষ্টা এ ধরনের পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারে।
৬. দুই পরিবারের মানসিকতার পার্থক্য
বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে যুক্ত হয় দুটি পরিবার ও তাদের ভিন্ন সংস্কৃতি, অভ্যাস এবং প্রত্যাশা। এসব পার্থক্য ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে ভেবে অনেকে দ্বিধায় থাকেন। বিয়ের আগে সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং প্রত্যাশা পরিষ্কার করে নেওয়া সিদ্ধান্ত গ্রহণ সহজ করতে পারে।
সব মিলিয়ে, বিয়ে নিয়ে অনীহার পেছনে একাধিক ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক কারণ থাকতে পারে। তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের প্রস্তুতি, সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে বাস্তবসম্মত ধারণা থাকা গুরুত্বপূর্ণ।





