গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হতে পারে সোমবার
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুর সিটি ভোটের তফসিল আগামী সোমবার (৩ এপ্রিল) ঘোষণা হতে পারে। কারণ গত ১১ মার্চ থেকে এ সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। অর্থাৎ গত ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।
এছাড়া সোমবারের কমিশন সভায় গাজীপুরের পাশাপাশি অন্য চার সিটি করপোরেশন (রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল) নির্বাচন নিয়ে আগামী সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: ১২ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ, একাধিক রদবদল
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইসির সভাকক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, পাঁচ সিটি নির্বাচন নিয়ে পরবর্তী কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভার পরবর্তী পাঁচ বছর। আর পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে।
আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির শ্রদ্ধা
ইসি জানায়, গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ থেকে। অর্থাৎ আগামী গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে।
রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর। এজন্য পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে আসছে ১০ অক্টোবরের মধ্যে।
সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে একই বছর ৭ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ৬ মে। আর ভোটগ্রহণ করতে হবে চলতি বছর ৫ নভেম্বরের মধ্যে।
এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১৪ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হবে আগামী ১৪ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ বছর ১৩ নভেম্বরের মধ্যে।





