আজ ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৩ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা (এনআইপি) বাস্তবায়নের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে রোববার  (১২ নভেম্বর) ঢাকায় আসছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

আরও পড়ুন: বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রম সচিবের সঙ্গে আগামী ১৫ নভেম্বর বৈঠক করবে। বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, শিশু শ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইইউ প্রতিনিধিদলটি এমন এক সময়ে শ্রম খাতের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে আসছে, যখন ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা আন্দোলন করছেন।

আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

ইইউ দূতাবাস জানায়, বাংলাদেশ ইইউতে যে বাজার সুবিধা পায় তার জন্যে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ।

পাওলা ও তার প্রতিনিধি দলটি ১৩ তারিখ সারাদিনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ১৪ তারিখে সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, আইএলও কান্ট্রি পরিচালকের সাথে ব্রেকফাস্ট মিটিং করার কথা রয়েছে। একই দিনে পোশাক কোম্পানিগুলোর ব্যান্ডস, শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে। একই দিন বিকেলে আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। দিন শেষ প্রতিনিধিদল রাজধানীর উত্তরায় বৈঠকে বসবেন বিজিএমইএ নেতাদের সঙ্গে।