আজ থেকে সরকারি ও বেসরকারি সব অফিসের নতুন সূচি কার্যকর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে অফিস চলবে সংক্ষিপ্ত সময়সূচিতে। শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

আরও পড়ুন: জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে অফিস সময় এক ঘণ্টা কমিয়ে দৈনিক ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার

একই বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিয়েবাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।