বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে উচ্চপর্যায়ের কমিটি গঠন
মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য সংকট মোকাবিলায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা এবং বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
কমিটির কার্যপরিধিতে আরও বলা হয়েছে, তারা বিদ্যুতের মূল্যহার সমন্বয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।





