বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে মায়ানমার সীমান্তসংলগ্ন জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
নিহতরা হলেন— অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার ৪২ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে প্রথমে অক্যমং তংচঙ্গ্যা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুইজনও পৃথক বিস্ফোরণে প্রাণ হারান।
আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





