হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর!

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৭ সালের হজযাত্রায় আগ্রহীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। চলতি বছরের তুলনায় বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচও ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে হজ প্যাকেজ-২–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

আরও পড়ুন: সতর্ক বিএনপি, টেনশনে জামায়াতে ইসলামী

এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যেতে ইচ্ছুকদের জন্য 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী বলেন, বিমানভাড়া কমানোর ফলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয় কিছুটা কমবে, যা অনেকের জন্য স্বস্তির বিষয় হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হজে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা তুলে ধরলেন মহাপরিচালক

নিবন্ধন কার্যক্রম সম্পর্কে ধর্মমন্ত্রী জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে পরবর্তী কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে।

তিনি আরও জানান, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। সে অনুযায়ী নিবন্ধন, ভিসা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করা হবে

ধর্ম মন্ত্রণালয় আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিবন্ধন ও প্রস্তুতি সম্পন্ন হলে হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে হজযাত্রীদের সেবার মান উন্নয়নেও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

২০২৭ সালের হজে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি সরকারি নির্দেশনা ও অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।