রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তারেক রহমানের অভিনন্দন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল সফল ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: দুই নেতার শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সম্পর্কের পুনর্বিন্যাসে গুরুত্ব
বার্তায় তারেক রহমান বলেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা এবং জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আরও পড়ুন: তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সেবা নিশ্চিতের নির্দেশ
পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে তার দায়িত্ব পালনে সাফল্য ও মর্যাদা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





