শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা জারি
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনীসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
প্রবিধানমালাটি চূড়ান্ত হওয়ার পর কমিটি গঠন কার্যক্রম নিয়ে পরবর্তী নির্দেশনা আসতে পারে। তবে কবে নাগাদ নতুন প্রবিধানমালা চূড়ান্ত হবে বা স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫





