মাদক ও ইভ টিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ মাউশির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক

মাউশির নির্দেশনায় কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এ জন্য অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাঁদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ঠিকানা ad-admin@dshe.gov.bd-এ পাঠাতে হবে।

মাউশির চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে এসব কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে অধিদপ্তর।