হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব-এ এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কা-তে ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনা-তে কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: হজক্যাম্পে চালু হলো লাগেজ র্যাপিং সেবা
নিহতরা হলেন— মোঃ নইম উদ্দীন মন্ডল, মোঃ আবুল কাশেম, মোঃ সেরাজুল হক ও মোঃ খলিলুর রহমান।
এদিকে, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
আরও পড়ুন: রফিকুল ইসলাম মাদানীর ছেলে নাঈম মারা গেছেন
মোট ৮৯টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে
* বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট
* সৌদি এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইট
* ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট
যাত্রী পরিবহনের হিসেবে
* বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫,৭৪৮ জন
* সৌদি এয়ারলাইন্স বহন করেছে ১২,৪৬৯ জন
* ফ্লাইনাস বহন করেছে ৭,৫৪৯ জন
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে ৬,৯২২টি সেবা প্রদান করা হয়েছে।





