আজ শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে কখন কী থাকছে?

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলো বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ। তবে এবার বিশ্বকাপ সেজেছে একেবারে নতুন মোড়কে, সম্পূর্ণ ভিন্ন এক আবহে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। আর এই ঐতিহাসিক আসরকে বরণ করে নিতে উদ্বোধনী অনুষ্ঠানেও আনা হয়েছে নজিরবিহীন ভিন্নতা। এবার একটি নয়, বরং তিনটি দেশেই আলাদাভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস—এই তিন শহরে বসবে বিশ্বখ্যাত তারকাদের মেলা।

মেক্সিকোর ‘প্রাসাদের নগরী’ খ্যাত মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের মতো এই ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে, অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন: মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কাল বিশ্বকাপের মহাপর্দা উন্মোচন

১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী এই অনুষ্ঠানে আদিবাসী শিল্পী ও লোকজ পরিবেশনার পাশাপাশি ‘পাপেল পিকাডো’র (ঐতিহ্যবাহী কাগজের শিল্প) মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। মেক্সিকো সিটির এই মঞ্চেই এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন ল্যাটিন পপ কুইন শাকিরা, তাঁর সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এ ছাড়া পারফর্ম করবেন দক্ষিণ আফ্রিকান তারকা টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান ও জে বালভিনসহ একঝাঁক তারকা। বিশ্বকাপ শুরুর এই বিশেষ দিনটিতে মেক্সিকোতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম।

কানাডায় বিশ্বকাপের পর্দা উঠবে আগামীকাল রাতে। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডার মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। এর ঠিক দেড় ঘণ্টা আগে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দাপুটে জয়

প্রায় ১৩ মিনিট স্থায়ী এই অনুষ্ঠানটি শুরু হবে একটি বিশেষ ক্ষণগণনা (Countdown) দিয়ে, যেখানে কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। এই মঞ্চ মাতাতে হাজির হবেন মাইকেল বুবলে, নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে ভোর সাড়ে পাঁচটায় সেখানে শুরু হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান।

১৩ মিনিটের এই আয়োজনে থাকবে বিশাল পরিসরের ভিজ্যুয়াল এফেক্ট ও আকর্ষণীয় গল্পগাথা। লস অ্যাঞ্জেলেসের এই জমকালো মঞ্চে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক তারকারা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দুই দশক আগেও সাধারণ মানুষের মাঝে তেমন একটা সাড়া ছিল না। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের ডায়ানা রসের পেনাল্টি কিকের সেই বিখ্যাত শটটি বেশ সাড়া ফেললেও, ২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি উদ্বোধনী অনুষ্ঠানকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। ১৬ বছর আগের সেই কলম্বিয়ান সুরের মাদকতা আজও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব।

এবার তিনটি আলাদা শহরে অনুষ্ঠান হলেও এর মূল ভাবনাটা এক ও অভিন্ন—তা হলো তিন আয়োজক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরা। অলিম্পিকের একাধিক স্মরণীয় উদ্বোধনী অনুষ্ঠানের পেছনের মূল কারিগর 'মার্কো বালিচ' রয়েছেন এবারের ফিফা বিশ্বকাপের অনুষ্ঠানগুলোর প্রযোজনার দায়িত্বে। তাঁর দূরদর্শী নির্দেশনায় প্রতিটি অনুষ্ঠানের আবহ ভিন্ন হলেও, তা ফুটবলপ্রেমীদের এক সুতোয় বাঁধবে।