বিশ্বকাপের প্রাইজমানিতে নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের ফিফা বিশ্বকাপ শুধু দল ও ম্যাচ সংখ্যাতেই নয়, প্রাইজমানির দিক থেকেও নতুন ইতিহাস গড়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষণার ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল অতীতের সব আসরকে ছাড়িয়ে গেছে।
দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
আরও পড়ুন: ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি
আগামী রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের বিজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, আর রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার।
এ ছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো ও শেষ ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলই অন্তত ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিতভাবে পাবে।
আরও পড়ুন: সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের
ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। পরে ফেডারেশনগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল উন্নয়ন কার্যক্রমে সেই অর্থ বণ্টন করে থাকে।
বিশ্লেষকদের ধারণা, এবারের বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারে।
বিশ্বকাপে প্রাইজমানির যাত্রা শুরু হয় ১৯৮২ সালে। সে সময় চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ মার্কিন ডলার। চার দশকের ব্যবধানে সেই অঙ্ক বেড়ে এবার চ্যাম্পিয়ন দলের জন্য ৫ কোটি ডলারে পৌঁছেছে।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতাকে যথাক্রমে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বুট প্রদান করা হবে। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে অতিরিক্ত অর্থ দেওয়া হবে না।





