ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইতিহাস গড়ার পথে এবার ইয়ামালকে থামাতেই সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা।

নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেখানে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং ইয়ামালকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

আরও পড়ুন: সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

ইয়ামাল সম্পর্কে মেসি বলেন, “ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।”

সংবাদ সম্মেলনে শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা আলোচিত ছবির বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে মেসি বলেন, “আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। জীবনে এমন ঘটনাও ঘটে। এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।”

আরও পড়ুন: বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব

স্পেনের প্রতি সম্মান জানিয়ে মেসি বলেন, তিনি চান ইয়ামালের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে ফাইনালে তাকে নিজের সেরা খেলাটা খেলতে না দেওয়ার লক্ষ্য থাকবে আর্জেন্টিনার। একই সঙ্গে তিনি বলেন, স্পেনের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলার ধরনও দারুণ। তবে আর্জেন্টিনারও নিজেদের শক্তি রয়েছে।

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচটি রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।