আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। জমজমাট ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে লা রোহা।
এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল স্পেন। সেই সাফল্যের ১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বের সর্বোচ্চ আসরের ট্রফি নিজেদের করে নিল স্প্যানিশরা।
আরও পড়ুন: ইয়ামেলের জীবনে ১৯ এর অবিশ্বাস্য মিল
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। ম্যাচের পঞ্চম মিনিটেই লামিন ইয়ামাল ও দানি ওলমোর দারুণ সমন্বয়ে গোলের সুযোগ তৈরি হলেও লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি।
প্রথমার্ধে বল দখল, পাস ও আক্রমণ—সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল স্পেন। একের পর এক আক্রমণ চালালেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্যই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। অন্যদিকে পুরো প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের প্রতি সমর্থনের জোয়ার
৪১তম মিনিটে স্পেনের মিকেল ওয়ারজাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। ইনজুরির কারণে কিছুক্ষণ পরই তাকে বদলি করা হয়। এরপরও স্পেন একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছালেও সফল হতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে স্পেন। তবে এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত কয়েকটি সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বেপরোয়া ট্যাকলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে নিকো উইলিয়ামস বল জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে ১০৬তম মিনিটে আর হতাশ হতে হয়নি স্প্যানিশদের। নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। শেষ মুহূর্ত পর্যন্ত একাধিক আক্রমণ করলেও স্পেনের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন স্পেনের ফুটবলার ও সমর্থকেরা। আরেকদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে হতাশায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
১৬ বছর পর বিশ্বকাপের ট্রফি পুনরুদ্ধার করে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়ল স্পেন।





