মাইক্রোসফটের নতুন এআই সহকারী স্কাউট উন্মোচন

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ ও ব্যক্তিকেন্দ্রিক করতে নতুন এআই সহকারী ‘স্কাউট’ (Scout) উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, এই সহকারী ব্যবহারকারীর কাজের ধরন, পছন্দ ও অভ্যাস শিখে সময়ের সঙ্গে আরও দক্ষ ও কার্যকর হয়ে উঠবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, স্কাউট হবে সব সময় সক্রিয় থাকা একটি এআই সহকারী, যা ব্যবহারকারীর সঙ্গে কাজ করতে করতে তার প্রয়োজন ও কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা তৈরি করবে। ফলে এটি ভবিষ্যতে আরও ব্যক্তিগতকৃত সেবা দিতে সক্ষম হবে।

আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের স্কাউটের জন্য আলাদা নাম নির্ধারণ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট কাজ বা দায়িত্ব সম্পর্কে নির্দেশনা ও প্রতিক্রিয়া দিলে এআইটি তা শিখে ভবিষ্যতে একই ধরনের কাজ আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করবে।

স্কাউট মূলত ওপেনক্ল (OpenCL) ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি। চলতি বছরের শুরুতে এই প্রযুক্তি এআই খাতে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

আরও পড়ুন: ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

নতুন এআই সহকারীটি ক্লাউডভিত্তিক হলেও ডেস্কটপ ও ওয়েব ব্রাউজার—উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ই-মেইল, ক্যালেন্ডার এবং অন্যান্য ডিজিটাল সেবার সঙ্গে সহজে সংযুক্ত হয়ে কাজ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে স্কাউটে ক্যালেন্ডার ব্যবস্থাপনা, মিটিংয়ের এজেন্ডা তৈরি এবং বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য প্রস্তুত কিছু ফিচার থাকবে। পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের চাহিদা অনুযায়ী নতুন দক্ষতা বা সক্ষমতাও যুক্ত করতে পারবেন।

নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্কাউটে একটি বিশেষ ‘পলিসি কনফরম্যান্স সিস্টেম’ থাকবে, যা নিয়মিত পর্যবেক্ষণ করবে এআইটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করছে কি না। এছাড়া প্রতিটি কার্যক্রমের জন্য পৃথক অডিট ট্রেইল সংরক্ষণ করা হবে।

বর্তমানে স্কাউট সীমিত পরিসরে মাইক্রোসফটের ‘ফ্রন্টিয়ার’ কর্মসূচির আওতায় ব্যবহার করা যাবে। এ সেবা গ্রহণের জন্য গিটহাব কোপাইলট (GitHub Copilot) সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

উল্লেখ্য, মাইক্রোসফটের বার্ষিক বিল্ড ডেভেলপার সম্মেলনে স্কাউটের পাশাপাশি আরও বেশ কয়েকটি নতুন এআই পণ্য ও প্রযুক্তি উন্মোচন করা হয়েছে।