সাভারে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
সাভারের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা একটি শ্রমিকবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে থাকা চালক আগুনের তাপে ঘুম ভেঙে দ্রুত লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে দাঁড়ানো অবস্থায় আকস্মিকভাবে বাসটির পেছনের অংশে আগুন ধরে যায়।
আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা
চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহার করা হয়। শ্রমিকদের নামিয়ে নিয়ম মতো বাসটি ইউটার্ন এলাকায় পার্কিং করে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রবল তাপ অনুভব করতেই তিনি বাইরে লাফিয়ে নামেন এবং নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, বাসে কীভাবে আগুন লাগল তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্তেই কারণ জানা যাবে।
আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে
এদিকে, সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।





