টানা বৃষ্টিতে জলাবদ্ধ নরসিংদী, নিহত ১

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাত ও মৌসুমি বায়ুর প্রভাবে নরসিংদীসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা ও গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষও চরম ভোগান্তিতে পড়েছে।

নরসিংদীতে গত দুই দিনে প্রায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর থেকে রাস্তাঘাট ও অলিগলি তলিয়ে গেছে। পৌর শহরের সাটিরপাড়া, পশ্চিমকান্দাপাড়া, চৌয়ালা, শালিধা, খাটেহারা, নাগরিয়াকান্দি, ডিসি রোড ও কোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি ওঠায় অফিসগামী ও সাধারণ পথচারীরা বিপাকে পড়েছেন। টানা বৃষ্টির কারণে গত রবিবার বিকেলে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে রওশন আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আসকের তদন্ত প্রতিবেদনে নানা অসঙ্গতি, অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতিতে পুলিশ

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বানের স্রোতের মতো বাসাবাড়ি ও অফিস-আদালতে পানি ঢুকছে। বসতঘর ও রিজার্ভ ট্যাংকে ময়লা পানি ঢুকেছে। শহরের চৌয়ালা এলাকার এক বাসিন্দা উদ্বিগ্ন কণ্ঠে এভাবেই জানাচ্ছিলেন বৃষ্টির দুর্ভোগের কথা। তিনি আরও বলেন, পুরো রিজার্ভ ট্যাংক পানিতে ডুবে গেছে। পানির মোটরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। লাইনে পানি সরবরাহ না থাকায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পানি না নামা পর্যন্ত কিছুই করার নেই। এ দুর্ভোগ আর কমবে না।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতি বছর পৌরসভা থেকে সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে রাস্তাঘাট ও ড্রেনেজ খোঁড়াখুঁড়ি করা হয়। কিন্তু মানুষের কল্যাণে কিছুই হয় না। বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিয়মিত ট্যাক্স দিলেও নাগরিক সুবিধা পাচ্ছি না।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক

শুধু তিনি একা নন, তাঁর মতো আশপাশের এলাকার অসংখ্য বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলখানার মোড় থেকে ডিসি রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এলজিআরডি, জনস্বাস্থ্য, গণপূর্ত, সিভিল সার্জন কার্যালয়, গভর্নমেন্ট ডরমিটরি, পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয় এবং আদালত প্রাঙ্গণে হাঁটুপানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। অনেকের গাড়ির ইঞ্জিন মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক অফিসগামী মানুষকে হাঁটুর ওপর কাপড় তুলে এবং ভিজেই চলাচল করতে দেখা গেছে।

অফিসগামী এক কর্মকর্তা বলেন, ডিসি রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা এখন নিয়মিত। বিভিন্ন সময় সংস্কার হলেও তার সুফল পাই না।

এদিকে জলাবদ্ধতার কারণে নরসিংদীর বিভিন্ন এলাকার স্কুল-কলেজে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি। কর্মজীবী মানুষেরও নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

জেলা প্রশাসকের তথ্য মতে, নরসিংদীর মেঘনা নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের SW-274 গেজ স্টেশনে পানির সমতলের হ্রাস-বৃদ্ধি ঘটছে। উক্ত স্টেশন দিয়ে নদীর পানি বিপৎসীমার ২.০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়েছে।