ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

Shahrier Islam Pallab
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খাওয়ার পর ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৭ জন কোমলমতী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছে অন্তত ২০ শিক্ষার্থী। অসুস্থ এসব শিশু তৃতীয় থেকে ৫ম শ্রেণির  শিক্ষার্থী বলে জানা গেছে। 

গেল সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলসি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে শিশু শিক্ষার্থী অসুস্থ হবার এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত জানান, দুপুর ২টা থেকে এখন পর্যন্ত প্রায় ৩৭ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই বমি করেছেন, অনেকের পেটের ব্যাথা দেখা দিয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কিছু বাচ্চা সুস্থ হলে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া আপাদত ভয়ের তেমন কিছু নেই।

পঞ্চম শ্রেণির তানিয়া আক্তার বলেন, মিড ডে মিলের দুধ খাওয়ার পর সবার পেটের ব্যথা শুরু হয়। অনেকেই স্কুলেই বমি করেছে। প্যাকেটজাত করা দুধ তিতা এবং নষ্ট হয়ে গিয়েছিল। আমরা স্যার ও ম্যামকে বললে তারা বলে খেয়ে নাও, কিছু হবে না। 

আরও পড়ুন: নবীনগরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চতুর্থ শ্রেণির শামীম হাসান জানান, পেট খুব ব্যথা করতেছে, বমি আসতেছে, কিন্তু বমি করতে পারছি না। দুধ খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের কয়েকজন জানায়, সোমবার মিড ডে মিলে দুধ ও পাউরুটি দেওয়া হয়। দুধ খাওয়ার পরই তাদের পেটব্যথা শুরু হয়।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের ৭ উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গীতে পাইলট প্রকল্প হিসেবে গত জানুয়ারি থেকে মিড ডে মিল কার্যক্রম চালু হয়েছে। উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাবার সরবরাহ করা হচ্ছে।

ডিম, পাউরুটি ও কলা সরবরাহ করে স্থানীয় সংস্থা ইএসডিও। দুধ সরবরাহ করে আরডি নামে একটি সংস্থা এবং বিস্কিট সরবরাহ করে প্রাণ কোম্পানি।