‎নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় আগুন

Shahrier Islam Pallab
‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা পৌরশহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় তাঁর বাসায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

‎ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। তিনি নেত্রকোনা পৌরশহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।

আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। আগুনে ওই কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়।

‎ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। বাসায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল

‎মুঠোফোনে ফাহিম রহমান খান পাঠান বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেন তিনি।

‎নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।