প্রধানমন্ত্রীর বার্ষিক কল্যাণ সভা
স্বতন্ত্র পে স্কেল, ওভার টাইম ও অনারারি পদোন্নতি চায় পুলিশ
বাংলাদেশ পুলিশের জন্য পৃথক পে-স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। একইসঙ্গে ঝুঁকিভাতা বৃদ্ধি, ওভারটাইম ডিউটির বিপরীতে ৫০ শতাংশ হারে বিল প্রদান এবং চাকরিজীবনের শেষ পর্যায়ে ধাপে ধাপে অনারারি পদোন্নতির দাবিও উত্থাপন করা হয়েছে।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত কল্যাণ প্যারেড শেষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই: ডিসি হারুন
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, আলাদা পে-স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। তাদের মতে, সেনাবাহিনী ও বিচার বিভাগের মতো পুলিশের জন্যও স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন, কারণ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
তদন্ত কার্যক্রমে গতি আনতে উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সুদমুক্ত ঋণ এবং জ্বালানি ভাতা দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি তদন্ত ব্যয় বৃদ্ধি ও ওভারটাইম ভাতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কল্যাণ প্যারেডে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য চাকরি শেষে অন্তত এক ধাপ অনারারি পদোন্নতির দাবি উত্থাপন করা হয়, যা সেনাবাহিনীর ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়।
এছাড়া থানাসহ পুলিশ ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পুনরায় চালুর দাবিও জানানো হয়।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি পুলিশ সদস্যদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতার প্রশংসাও করেন তিনি।





