অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে হেরে ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন আল মুহি। ৪৫ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া রাকিবুল হোসেন করেন ২৬ এবং আল রাফি যোগ করেন ২০ রান। বাকিদের ব্যর্থতায় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রিজুয়ানুল্লাহ। ৮ ওভারে ৩০ রান দিয়ে একাই তুলে নেন ৫ উইকেট।

আরও পড়ুন: হামজা-সামিতের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। দুই ওপেনার হাইম খান ও উসমান খান মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। দুজনই তুলে নেন অর্ধশতক।

দলীয় সংগ্রহে ৬৯ রান যোগ করে হাইম খান আউট হলে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের রবিউল অনিক। তবে এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।

শেষ পর্যন্ত উসমান খান ৬৪ এবং আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফলে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এই হারে টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের।