বিশ্ববাজারে কমল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। এক ধাক্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। একই সঙ্গে জ্বালানির দাম কমার ইতিবাচক প্রভাবে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার। মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮৫ ডলারে।
আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়ার পর তেলের বাজারে এই দরপতন ঘটে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
জ্বালানির দাম কমার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের বড় ধরনের দরপতনের পর মার্কিন শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এ সময় এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২
এ বিষয়ে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, ‘তেলের দাম যদি কমে যায়, তবে তা অবশ্যই বাজারে নতুন গতি জোগাবে।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা কমার সম্ভাবনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়েছে। তবে কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছায় কি না, তার ওপর বিশ্ববাজারের পরবর্তী পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।





