‘শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সত্যিই দেশে ফেরার সাহস থাকলে তাঁকে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করতে হবে। সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি যদি সত্যিই সাহসী হন, তাহলে দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন। এ সময় শেখ হাসিনার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

জুলাই-আগস্টের গণহত্যা সংক্রান্ত মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে করা ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে এসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ভারত থেকে দেশে ফিরতে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ খবরের পর তাঁর দেশে ফেরা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক