লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

Shahrier Islam Pallab
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর চরবংশী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রক্রিয়ায় বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ সময় রায়পুর থানা-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী এলাকায় মৃত আবু তাহের সিকদারের একটি ভাড়া বাড়ির উঠানের গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়। পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়। বুধবার রাতে চার সদস্যের দলটি ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা-নিরীক্ষা করে। এতে ১১টি আইইডি বোমার অস্তিত্ব পাওয়া যায়।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর উপজেলার খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তির নাম উঠে আসে। তাঁর বাড়ি ভোলা সদর এলাকায়। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর ভাড়া নেওয়া কক্ষ থেকে গত সোমবার বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভয়াল ১২ নভেম্বর স্মরণে সভা ও দোয়া মাহফিল

স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়িটির চারপাশ বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বাইরের কেউ যাতে বাড়ির আশপাশে যেতে না পারেন, সে ব্যবস্থাও করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ ছিল না। ফলে স্থানীয়দের অনেকেই তাঁদের পরিচয় সম্পর্কে জানতেন না।

বাড়ির একটি কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠানে মাটির নিচে পুঁতে রাখা কৌটা থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী ১১টি আইইডি বোমার অস্তিত্ব পাওয়া যায়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। এর আগের দিন একই ব্যক্তির ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।’