মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে ভেলাবাড়ীতে সিএসও কমিটি গঠন

Shahrier Islam Pallab
মোঃ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবাধিকার সুরক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজ সংগঠন (সিএসও) কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) আয়োজনে এবং জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) ও নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh)-এর সহযোগিতায় এ উপলক্ষে একটি আলোচনা সভা এর অনুষ্ঠিত হয়। ভেলাবাড়ী ইউনিয়ন ফেডারেশন কক্ষে আয়োজিত সভাটি ‘Empowering Young & Adult Multipliers for Advancing Human Rights, Gender Equality and Social Inclusion in Bangladesh (AHIMSA)’ শীর্ষক অহিংসা প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

সভায় ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, তরুণ, সচেতন নাগরিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সোহেল রানা খন্দকার, এরিয়া কো-অর্ডিনেটর স্বরজু রায় তুলি এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাহিদা বানু।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে শক্তিশালী নাগরিক সমাজ সংগঠন (সিএসও) গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার, সমতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সভায় অহিংসা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং নবগঠিত সিএসও কমিটির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ, সামাজিক বৈষম্য দূর করা এবং তরুণ ও বয়স্কদের সমাজ পরিবর্তনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, তরুণ ও বয়স্ক পরিবর্তন-উদ্যোক্তারা (Multipliers) নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি, মানবাধিকার রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। নবগঠিত সিএসও কমিটি স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে ভেলাবাড়ী ইউনিয়নে সিএসও কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। অংশগ্রহণকারীরা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার, নারী-পুরুষের সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি তৃণমূল পর্যায়ে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।