বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭শ কোটি টাকার প্রকল্প-মীর শাহে আলম 
  • সাতটি সংসদীয় আসনে সমান ভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বন্টন করা হবে 

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ উদ্বোধন করতে চলতি মাসেই বগুড়া সফরে আসচ্ছেন বিএনপি'র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ উদ্বোধন করবেন। একই সাথে করতোয়া নদী-খাল পুনঃখনন আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

গতকাল (১২ই নভেম্বর) বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে বগুড়া সফর করবেন। দেশের উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭শ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে সমান ভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বন্টন করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলেই নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

এছাড়াও তিনি বলেন, আমাদের ধৈর্য খুব কম, অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন খুঁজতে হবে না, উন্নয়নই জনগণকে খুঁজে নেবে। চলমান প্রকল্প গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করতে অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। সরকারের বিশেষ কর্ম পরিকল্পনা ও সমন্বিত কার্যকর উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। 

জেলার স্থানীয় গণমাধ্যম 'দৈনিক বগুড়া' পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাডঃ একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী, বগুড়া জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমূখ।