‘বিয়ের খবর’ দিলেন নাজনীন নীহা,পাত্র কে?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী নাটকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার পবিত্র মক্কা থেকে প্রকাশ করা দুটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন নীহা। 

গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। তবে সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়েতে গড়িয়েছে, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

এবার সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন তিনি। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখ কাবার দিকে থাকায় ছবিতে তাঁদের কারও চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে কাবার পটভূমিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় নিজেদের সম্পর্কের বিষয়টি সামনে আনেন নীহা। তিনি লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

আরও পড়ুন: হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

অভিনেত্রীর এই বক্তব্যের পর তাঁর বিয়ের বিষয়টি নিয়ে আর কোনো সংশয় থাকছে না বলে মনে করছেন অনেকে। পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

নীহার এমন পোস্টের পরপরই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। সহকর্মী ও ভক্ত-অনুসারীরা নতুন জীবনের জন্য তাঁকে শুভকামনা জানাচ্ছেন।

তবে এখনো জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নীহা। এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও সঙ্গীর পরিচয় নিয়ে নীরব রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।