ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ক্যাটরিনা ও ভিকি তাদের ছেলে বিহানের সাথে। ছবিঃ সংগৃহীত
ক্যাটরিনা ও ভিকি তাদের ছেলে বিহানের সাথে। ছবিঃ সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বছরের ৭ নভেম্বর তাঁদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। তবে সন্তানের জন্মের পর থেকে তার মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অবশেষে শুভ দীপাবলি উপলক্ষে ভক্তদের সামনে ছেলের মুখ প্রকাশ করলেন এই তারকা দম্পতি।

শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে ছেলের সঙ্গে নিজেদের ছবি প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ছবিতে দেখা যায়, উৎসবের সাজে সেজেছেন তিনজনই। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের সালোয়ার-কামিজ, ভিকি পরেছিলেন বেইজ রঙের কুর্তা। আর তাঁদের ছেলে বিহানের পরনে ছিল বেইজ রঙের কুর্তার সঙ্গে হলুদ রঙের ওয়েস্টকোট।

আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আমাদের এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবার জন্য ভালোবাসা, আলো ও সুখ কামনা করছি।’ উল্লেখ্য, গত ৭ নভেম্বর এক বছর পূর্ণ হয়েছে বিহানের। ছেলের প্রথম জন্মদিনের এক দিন পরই তার ছবি প্রকাশ্যে আনলেন এই দম্পতি। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও বলিউড তারকাদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অভিনেত্রী অনন্যা পান্ডে, সোনম কাপুরসহ অনেকেই ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে পিতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ভিকি কৌশল জানিয়েছিলেন, বাবা হওয়া তাঁর জীবনে এক জাদুকরী অনুভূতি। সন্তানের খিলখিল হাসি ও স্ত্রীর আনন্দের মুহূর্তগুলো তাঁকে জীবনের প্রতি আরও সংবেদনশীল করে তুলেছে। এমনকি কিছু মুহূর্ত থামিয়ে রেখে আরও বেশি করে উপভোগ করতে ইচ্ছা করে বলেও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর ২০২৫ সালের ৭ নভেম্বর ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে পুত্রসন্তানের জন্মের খবর জানান তাঁরা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেন বিহান কৌশল।