তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
তানজিন তিশা। ছবিঃ সংগৃহীত
তানজিন তিশা। ছবিঃ সংগৃহীত

শাড়িকাণ্ড ঘিরে আইনি বিরোধের রেশ কাটতে না কাটতেই নতুন করে মামলার মুখে পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন সানায়া আনাম। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের কোনো জবাব দেননি অভিনেত্রী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবিগুলোও সরিয়ে নেননি। এ কারণে আদালতে মানহানির মামলা করেছেন বাদী।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি বাদীর বিষয়ে গণমাধ্যমের কাছেও ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন: হুমায়ূন আহমেদের বই পড়ে মুগ্ধ অনুপম রায়

মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা নিজের ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে কল করে তাকে ভাইরাল করার হুমকি দেন। ওই সময় অভিনেত্রী বলেছিলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’

বাদীর দাবি, গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন। একই সঙ্গে দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এসব ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আবেদনে বলা হয়, ওই দিন রাত ১১টার দিকে বিষয়টি বাদীর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তা পাওয়ার দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও সেগুলো সরানো হয়নি বলে অভিযোগ বাদীপক্ষের।

এর আগে শাড়ি নিয়ে বিরোধের জেরে তানজিন তিশা ও সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর মধ্যে আইনি জটিলতা তৈরি হয়। সেই বিরোধের মধ্যেই এবার নতুন করে মানহানির মামলা দায়ের হলো অভিনেত্রীর বিরুদ্ধে। এখন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।