সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থি সদস্য
অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ এবং এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম)।
আরও পড়ুন: জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের দায়িত্ব গ্রহণ
সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসমর্পণকারী ৬৫ জনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে সমাজের মূলধারায় ফেরার সুযোগ পাবেন তারা।
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন সময়ে চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জে শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চরমপন্থি তৎপরতা নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম করা সম্ভব হবে।





