স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় সহযোগিতা বাড়াতে মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হলে তা দুই দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ সেই শাসনের অবসান ঘটায়। স্পিকার আরও বলেন, নিজেদের পছন্দের দল ও প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। ভোটারদের এই অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি।

বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস দেশটির সংসদীয় কাঠামো সম্পর্কে জানান। তিনি বলেন, সুইডেনের পার্লামেন্টে ৩৪৯টি আসন রয়েছে। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের মেয়াদে নির্বাচিত হন। দেশটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট ও সরকারের হাতে ন্যস্ত।

আরও পড়ুন: দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও বিনিয়োগের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তাঁরা।

সাক্ষাৎকালে স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে সুইডিশ রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।