‘আজই ইরানে হামলা হতে পারে’, আবার চুক্তিরও সম্ভাবনা: ট্রাম্প
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে রোববার ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ চুক্তিতে পৌঁছানোর সুযোগও রয়েছে।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ নিয়ে ভাবছে এবং হামলা রোববারও হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা স্পষ্ট করেননি তিনি।
আরও পড়ুন: ইরানে হামলা হলে কয়েক গুণ বেশি জবাব দেওয়া হবে: আইআরজিসি
সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি হামলা চালাবেন কি না, তা সাংবাদিকদের আগেভাগে জানাবেন—এমনটা কি কেউ সত্যিই মনে করেন?
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারলে ইরান নতুন করে সামরিক পদক্ষেপের ঝুঁকি এড়াতে পারে। তাঁর দাবি, ইরান চুক্তি করতে চায়। তবে সেই চুক্তি কতটা কার্যকরভাবে মেনে চলবে, সেটিই মূল প্রশ্ন।
আরও পড়ুন: অরুণাচল সীমান্তে ভারত-চীন উত্তেজনা, ৬-৭ কিমি ভেতরে চীনা সেনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোই তাঁর প্রধান লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা দিয়ে দীর্ঘমেয়াদে এই লক্ষ্য নিশ্চিত করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি এই পরিস্থিতির স্থায়ী সমাধান চান। তাঁর দাবি, এ কারণেই তিনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
এদিকে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি কোনো পরিসংখ্যান দেননি।
ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সামরিক অভিযান এবং আলোচনার মাধ্যমে সমঝোতা—দুই পথই খোলা রেখেছেন তিনি। ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে হতে পারে, আবার চুক্তিও হতে পারে। তাঁর মতে, যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের সূত্রপাত করে। যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হলেও সংঘাতের স্থায়ী সমাধান এখনো হয়নি।





