আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন: ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সফরের সম্ভাব্য কর্মসূচিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচিও থাকতে পারে।

আরও পড়ুন: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হতে পারে। এসব বিষয়ে সহযোগিতা বাড়ানোর ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সম্পর্ক আরও বিস্তৃত হবে। বিশেষ করে বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে পারে।