বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। এর আগে শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে। ভোরে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। এ সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
তবে দিনের বেলায় রোদ উঠলে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে যায়। ফলে সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তুলনামূলক গরম অনুভূত হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, যেমন থাকবে আগামী ৫ দিন
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং রাত ও ভোরে কুয়াশার প্রবণতা বাড়ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, এতে শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যের কারণে পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে রাত ও ভোরে চলাচলের সময় কুয়াশার কারণে সড়কে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।





