বিজয়া দশমীতে বিটিভিতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে সাজানো এ আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধ পর্যন্ত পৌরাণিক কাহিনি।

ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ বুধবার বিজয়া দশমীর রাতে ১০টায় প্রচারিত হবে। এর গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জয়া সাহা ও অভিজিৎ।

আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

দেবী দুর্গার মাহাত্ম্য, শারদীয় দুর্গোৎসবের আবহ এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরা হয়েছে এ আয়োজনে। দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ অনেকে।

আরও পড়ুন: কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা নাফিজা জাহান

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত ‘অঞ্জলি লহ, অঞ্জলি’তে ফুটে উঠবে দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য। বিজয়া দশমীর বিশেষ এ আয়োজনের মধ্য দিয়ে দর্শকেরা উপভোগ করতে পারবেন দেবীবন্দনা এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের আখ্যান।