কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা নাফিজা জাহান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন সাবেক লাক্স সুন্দরী ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানান অভিনেত্রী ও তার স্বামী রাজীব হাসান। এ উপলক্ষে ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা নাফিজার একটি ছবি প্রকাশ করেন রাজীব। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে রাজীব আরও লেখেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’

আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

অন্যদিকে, মেয়ের হাতের ছবি প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন নাফিজাও। কন্যাসন্তানকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন তিনি। তবে নবজাতকের জন্মতারিখ প্রকাশ করেননি এই দম্পতি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাফিজা জাহান। সেখানেই জন্ম হয়েছে তার প্রথম সন্তানের।

আরও পড়ুন: বিজয়া দশমীতে বিটিভিতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নাফিজা। পরে ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

২০১৩ সালের দিকে বাংলাদেশ ছেড়ে যান নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন তিনি। এবার প্রথম সন্তানের আগমনে নতুন অধ্যায় শুরু হলো এই দম্পতির জীবনে।