দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম

Shahrier Islam Pallab
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসছে ‘ওয়ার্ল্ড আর্ট দুবাই ২০২৬’। আগামী ১৯ থেকে ২২ নভেম্বর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যা'আবেল হল ২ ও ৩-এ অনুষ্ঠিত হবে মেলার দ্বাদশ আসর। এতে ৬৫টিরও বেশি দেশের ৩০০-র বেশি প্রদর্শকের অংশগ্রহণে প্রায় ১০ হাজার শিল্পকর্ম প্রদর্শিত হবে। এসব শিল্পকর্মের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।

‘যেখানে বিশ্বের শিল্পকর্ম একত্রিত হয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় প্রতিষ্ঠিত গ্যালারির পাশাপাশি স্বাধীন ও উদীয়মান শিল্পীরাও নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন ২০০-র বেশি একক শিল্পী এবং ৬৫টি গ্যালারির প্রতিনিধিরা। চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, মিশ্র মাধ্যম, ডিজিটাল আর্ট ও ইনস্টলেশনসহ বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হবে।

আরও পড়ুন: বাপ্পারাজকে নিয়ে গর্ব করেন ওমর সানী, জানালেন কারণ

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এবারের আয়োজনে শিল্পী ও গ্যালারির সঙ্গে সম্ভাব্য ক্রেতাদের সংযোগ স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর মেলায় শিল্পকর্ম বিক্রির পরিমাণ ২৮ শতাংশ বেড়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন ও অভিজ্ঞ সংগ্রাহক, ইন্টেরিয়র ডিজাইনার, হোটেল খাতের পেশাজীবী এবং করপোরেট ক্রেতাদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রদর্শনী বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট আসমা আল শরিফ বলেন, ওয়ার্ল্ড আর্ট দুবাই বিশ্বজুড়ে শিল্পী, গ্যালারি ও শিল্পপ্রেমীদের মিলনস্থলে পরিণত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসর আরও বিস্তৃত করার পাশাপাশি শিল্পীদের নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করা হবে।

আরও পড়ুন: কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা নাফিজা জাহান

মেলায় ফটোগ্রাফির জন্য থাকবে বিশেষ আয়োজন ‘ফটোওয়াড’। পাশাপাশি উদীয়মান শিল্পীদের উৎসাহিত করতে ফিরছে উদীয়মান শিল্পী পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীরাও তাঁদের কাজ প্রদর্শন করবেন। এবারের আয়োজনে নতুন কিউরেটর র‍্যাচেল ব্রাউন ও স্টিফেন ডি বয়েসনের সঙ্গে থাকছেন পুরোনো কিউরেটর গটফ্রিড আইজেনবার্গার ও সামার কামেল।

চার দিনব্যাপী এ আয়োজনে শিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে কর্মশালা, আলোচনা সভা, পরিবেশনা, সরাসরি শিল্প প্রদর্শন এবং ইন্টারেক্টিভ কার্যক্রম। টিকিটের অন্তর্ভুক্ত ২০টিরও বেশি হাতে-কলমে কর্মশালায় অংশ নিতে পারবেন শিশু ও প্রাপ্তবয়স্করা। এ ছাড়া ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ পারিবারিক দিবস, যেখানে শিশুদের জন্য থাকবে নানা সৃজনশীল আয়োজন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও মেলায় নিজেদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পাবে।

এবারের মেলায় আমিরাতি শিল্পীদের জন্য থাকছে বিশেষ প্যাভিলিয়ন। পাশাপাশি ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ কর্মসূচির মাধ্যমে শিল্পীদের দুবাইয়ের বিভিন্ন হোটেলের সঙ্গে যুক্ত করা হবে। অংশগ্রহণকারী হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল ইন্ডিগো ডাউনটাউন দুবাই, এসও/আপটাউন ও র‍্যাডিসন রেড। এ কর্মসূচির কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলবে।

দুবাই কালচারের কৌশলগত অংশীদারত্বে আয়োজিত ওয়ার্ল্ড আর্ট দুবাই ২০২৬ প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী, সংগ্রাহক ও শিল্পপ্রেমীদের মিলনমেলা হিসেবে এবারের আয়োজন আন্তর্জাতিক শিল্পবাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।